রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক প্রতিবন্ধী ব্যক্তি ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। অভিযোগে জানা গেছে, প্রতিপক্ষের লোকেরা একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এর প্রতিবাদ করায় ছলিম উদ্দিন নামে ওই প্রতিবন্ধী ব্যক্তি ও তার স্ত্রী চানু বেগমকে পিটিয়ে জখম করা হয়। রবিবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ঘটে এ ঘটনা।
প্রতিবন্ধী ছলিম উদ্দিন জানান, তার বাড়ি মাছিমপুর এলাকায়। সেখানে মুদি মনোহরী ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে সংসার চালিয়ে আসছেন তিনি। তার তিন মেয়ে। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে একই এলাকার আব্দুল মালেকের ছেলে ফারুক ও ইকবালের ছেলে শান্ত’র সঙ্গে ছলিম উদ্দিনের পরিবারের সদস্যদের বিরোধ চলে আসছে। রবিবার সকালে ফারুক ও শান্তসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছলিম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ছলিম উদ্দিন ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করা হয়। হামলাকারীরা প্রায় সোয়া ৩ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে কোনো প্রকার বাড়াবাড়ি বা মামলা মোকদ্দমা করলে প্রতিবন্ধী ছলিম উদ্দিনসহ পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেয় প্রতিপক্ষের লোকজন। রূপগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল হক বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
