মুন্সীগঞ্জে ২ জলদস্যুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৪

মুন্সীগঞ্জ সদরের বাহেরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে সোমবার বিকালে ডাকাতির প্রস্তুতিকালে দুই জলদস্যুকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। ধৃত জলদস্যু মো. আতিক ও মো. সোহাগ মেঘনার কুখ্যাত ডাকাত বাবলা বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। আতিক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে ও সোহাগ চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর এলাকার শহীদুল্লাহ বেপারীর ছেলে।

সদর থানার ইন্সপেক্টর তদন্ত গাজী সালাহউদ্দিন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে সদরের বাহেরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বাবলা বাহিনী। এ সময় গ্রামবাসী টের পেয়ে চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে বাবলা বাহিনীর প্রধান বাবলাসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আতিক ও সোহাগ গ্রামবাসীর হাতে ধরা পড়ে যায় এবং গণপিটুনিতে গুরুতর আহত হয়।

পুলিশ ডাকাতদের ব্যবহূত একটি স্পিডবোট জব্দ করেছে। রাতে গুরুতর আহত ওই ২ ডাকাতকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।