আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা চলছে জোরেশোরে। মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন সোমবার দিনভর নৌকার প্রচার-প্রচারণায় অংশ নেয়। নগরীর বিভিন্ন ওয়ার্ড, মহল্লা ও থানায় গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করেন আতিকুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে রাজধানীর কড়াইল বস্তির ৫ নম্বর গেট থেকে দিনের গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম। তিনি ভোটারদের কাছে লিফলেট ও নির্বাচনের প্রচারপত্র বিতরণ করেন। এরপর কড়াইল বস্তিতে পায়ে হেঁটে বস্তিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তারপর মিছিল নিয়ে কড়াইল মাঠে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম।
বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, আমি মেয়রপ্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট চাইতে এসে আজকে বস্তির পরিবেশ স্বচক্ষে দেখলাম। আগামীতে আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে আমরা সবাই মিলে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করব।
কড়াইল বস্তির গণসংযোগে আতিকুল ইসলামের পরিবারের সদস্যরাও অংশ গ্রহণ করেন। আতিকুল ইসলামের স্ত্রী, বড়বোন হালিমা নাহার, প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকসহ অন্যান্য নিকটাত্মীয়রাও বস্তিবাসীদের মাঝে গণসংযোগ করেন। কড়াইল বস্তির গণসংযোগ শেষে আতিকুল ইসলাম মহাখালী ওয়ারলেস গেট ও সাততলা বস্তি এলাকাতে গণসংযোগ করেন। মহাখালীর তিতুমীর কলেজের সামনে পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ প্রার্থী। এ সময় সকলের কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চান তিনি।
বিকালে আতিকুল ইসলাম মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় গণসংযোগ করেন। সেখানে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত নির্বাচনী সভায় যোগ দেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী।
