চলে গেলেন অভিনেতা খলিল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ০০:২৫

চলে গেলেন প্রখ্যাত অভিনেতা খলিল উল্লাহ খান। গতকাল রবিবার সকাল ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। হাসপাতালের চিকিত্সকরা জানান, খলিল হূদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার বয়স হয়েছিলো ৮১ বছর।

গতকাল হাসপাতাল থেকে তার মরদেহ মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বিকালে তার মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে আবার বাসায় নিয়ে আসা হয়। এশার নামাজের পর আরেকবার জানাজা শেষে মোহাম্মদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা খলিল উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন,   খলিল উল্লাহ খান তার অভিনয় প্রতিভার মাধ্যমে দেশের লাখ লাখ চলচ্চিত্র প্রেমীদের হূদয় জয় করতে সক্ষম হয়েছেন। ‘তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি’। জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ স ম ফিরোজ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, তথ্য সচিব মরতুজা আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন নন্দিত অভিনেতা খলিল উল্লাহ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ জিতেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই অভিনেতা।
দীর্ঘদিন ধরেই ফুসফুস, লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। চলতি বছরের মে মাসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ এই অভিনেতার চিকিত্সার সকল ব্যয় বহনের দায়িত্ব নেন। গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি হন অভিনেতা খলিল। বর্ষীয়ান এই অভিনেতা হাসপাতালের সিসিইউ বিভাগে ডা. খালেদ মহসিনের তত্ত্বাবধানে চিকিত্সাধীন ছিলেন। খলিল নামে পরিচিত এই অভিনেতা ৫৪ বছরের ক্যারিয়ারে প্রায় ৮শ’ সিনেমায় অভিনয় করেছেন। ১৯৫৯ সালে জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ সিনেমায় প্রথম অভিনয় করেন। খলিল অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে পুনম কি রাত, ভাওয়াল সন্ন্যাসী, উলঝান, সমাপ্তি, তানসেন, নদের চাঁদ, পাগলা রাজা, বেঈমান, অলঙ্কার, মিন্টু আমার নাম, ফকির মজনুশাহ, কন্যাবদল, মেঘের পরে মেঘ, আয়না, মধুমতি, ওয়াদা, সঙ্গম, ভাই ভাই, বিনি সুতার মালা, সোনার চেয়ে দামি, জংলি ফুল, মিন্টু আমার নাম, মাটির পুতুল, সুখে থাকো, অভিযান, দিদার, আওয়াজ, নবাব, মধুমতি ইত্যাদি। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিটিভিতে ‘সংশপ্তক’ ধারাবাহিক নাটকে ‘মিয়ার বেটা’ চরিত্রে অভিনয় করে খলিল বিপুল খ্যাতি অর্জন করেন।

জেপির শোক :জাতীয় পার্টির (জেপি)  মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম জনপ্রিয় অভিনেতা খলিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে জেপি’র মহাসচিব বলেন, তার মৃত্যুতে চলচ্চিত্র জগত্ একজন শক্তিশালী অভিনেতাকে হারালো। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।