নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাব-১১ এর সাবেক একজন এএসআই আবুল কালাম আজাদ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে এই জবানবন্দি নেয়া হয়।
জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন এবং কিলিং মিশন থেকে শুরু করে লাশ নদীতে ফেলে দেওয়ার পুরো ঘটনা বলেছেন।
এর আগে গত ১ ডিসেম্বর রাতে কুমিল্লা হতে আবুল কালাম আজাদসহ তিনজনকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর দুইজন বজলুর রহমান ও হাবিল নাছিরউদ্দিনও ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আদালতে আবুল কালাম আজাদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন। ঐ দুইটি মামলাতেই পৃথকভাবে জবানবন্দি দেন বজলুর রহমান।
