বঙ্গবন্ধু উপাধি ছিল জাতির পক্ষ থেকে জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ —তোফায়েল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু উপাধি ছিল সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

গতকাল সোমবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পৃথিবীতে অনেক বিশেষ দিন রয়েছে, তবে ২৩ ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য একটি বিশেষ এবং অনন্য দিন। বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তত্কালীন স্বৈরাচার আইয়ুব খান জানতেন একজন লোক কখনও আপোষ করেন না, আর তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর মনে ও কর্মে সর্বদা স্বাধীনতার আকাঙ্খা ধ্বনিত হতো। কারণ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল সীমাহীন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম সভাপতির বক্তব্যে বলেন, বাঙ্গালির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু। তিনি আমাদের জাতিসত্তা আমাদের মধ্যে গেঁথে দিয়েছেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারতো না। বঙ্গবন্ধু জানতেন কোন সময় কোনটি করতে হবে এবং কোন সময় কোনটি বলতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সভা পরিচালনা করেন।