চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে নিয়মিত ডোপ পরীক্ষার মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি। এতেও আপত্তি ছিল না তার। কিন্তু বার্সেলোনার যে পাঁচজন খেলোয়াড়ের ডোপ পরীক্ষা করা হয়েছে তার মধ্যে কেবল মেসিরই মূত্র আর রক্ত দুটো নমুনাই দিতে হয়েছে। বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের।
মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এজন্য ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘‘ডোপ নিয়ন্ত্রণ। বেছে নেয়া ৫ জনের মধ্যে আমাকেই শুধু মূত্র আর রক্তের নমুনা দিতে হলো...কিছুটা অদ্ভুত, তাই নয় কি?”
‘এফ’ গ্রুপে বুধবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগেই উয়েফার নির্দেশে স্পেনের কর্তৃপক্ষ রুটিন ডোপ পরীক্ষার জন্য বার্সেলোনার পাঁচ খেলোয়াড়কে ডাকে। বাকি চার খেলোয়াড় হলেন- আন্দ্রেস ইনিয়েস্তা, ক্লাওদিও ব্রাভো, ইভান রাকিতিচ ও জর্দি আলবা। এদের মধ্যে মেসিরই কেবল বাড়তি পরীক্ষার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
