খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আলেমদের প্রতি দেশের মানুষের শ্রদ্ধা নষ্ট করতেই বিএনপি কাজ করেছে। মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা—এটা প্রমাণ করতেই তত্কালীন বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশের ধর্মভীরু আলেমদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল। তবে যে জঙ্গিগোষ্ঠী বিএনপি তৈরি করেছে, তারাই একদিন তাদের ছোবল মারবে।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা—তা আমি মানি না। তবে সেখানে ছেলেরা কী করে ও কী শেখে তা খেয়াল রাখতে হবে। শিক্ষক ও বাবা-মাকে ছেলেদের প্রতি নজর রাখতে হবে, যাতে করে মাদ্রাসার ছাত্ররা অন্য কোনো দিকে প্রভাবিত না হয়।’
অ্যাডভোকেট কামরুল বলেন, ‘বিএনপি দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্যই এ দেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে। কিছু সংখ্যক চিহ্নিত আলেম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তবে সবাই করেননি। আমার সঙ্গেও অনেক আলেম মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তবে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন এবং সেই সময়ে অত্যাচার-ধর্ষণ করেছেন, তাদের রাষ্ট্র বরদাস্ত করবে না। তাদের বিচার করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা (মাদ্রাসার শিক্ষক) প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। তিনি (হাসিনা) আপনাদের সকল দাবি দাওয়া পূরণ করবেন। স্কুল ও মাদ্রাসাকে এক চোখে দেখার ব্যবস্থা করবেন।’
আয়োজক সংগঠনের সভাপতি কাজী রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী, সংগঠনের মহাসচিব মাওলানা কাজী মোখলেছুর রহমান প্রমুখ।
