বেগবান হচ্ছে লিমা জলবায়ু সম্মেলন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ২২:৩০




জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও বিভিন্ন দেশের মন্ত্রীবর্গের যোগদানের কারণে মঙ্গলবার বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে একটি চুক্তিতে উপনীত হতে লিমা জলবায়ু সম্মেলনে আলোচনা বেগবান হয়ে উঠছে। জাতিসংঘ মহাসচিব মঙ্গলবার ১-১২ ডিসেম্বর পর্যন্ত চলমান সম্মেলনের একটি উচ্চ পর্যায়ের পর্ব উদ্বোধন করবেন। আলোচনায় এখনো বিভিন্ন পক্ষের মধ্যে বিভাজন রয়ে গেছে।

আগামী বছর ডিসেম্বরে প্যারিসে স্বাক্ষর ও ২০২০ সাল থেকে বাস্তবায়ন করার জন্য একটি চুক্তির খসড়া প্রণয়ন করার কথা রয়েছে এ সম্মেলনে। এ পর্যন্ত সম্মেলনের ৮ দিন অতিবাহিত হলেও অংশ নেয়া দেশগুলো চুক্তির প্রধান বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছতে পারেনি। ভিআইপিদের আগমনের প্রাক্কালে প্রকাশিত খসড়া সিদ্ধান্ত টেক্সটে দেখা যায়, গ্রীন হাউস গ্যাস নির্গমণ জরুরি ভিত্তিতে দুই ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার উপায় নিয়ে নানা দেশ নানা মত দিয়েছে।

এই দলিলটি বান কি-মুনের সঙ্গে বিভিন্ন দেশের মন্ত্রীদের রাজনৈতিক আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে। মন্ত্রীবর্গ বান কি মুনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।