গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী ২১ ফ্রেবুয়ারির মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও আদিবাসীদের ভূমি বেদখলের ঘটনায় আরেকটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, আমরা আশা করি, ২১ ফেব্রুয়ারির মধ্যে সরকার কমিশন গঠন করে এসব মানবাধিকার লঙ্ঘন ঘটনার তদন্ত শুরু করবে।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দেশের বিভিন্নস্থানে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন। সভা শেষে জাতীয় ও কালো পতাকা নিয়ে প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন কমর্সূচি পালন করা হয়।
