কমলগঞ্জে ৯ পর্যটককের ক্যামেরা ও মোবাইল ছিনতাই

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১৮:২০
 
 
মৌলভীবাজার কমলগঞ্জে নয়জন পর্যটকের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। বৃহষ্পতিবার বিকালে উপজেলার হামহাম জলপ্রপাতের কাছে এই ঘটনা ঘটে।
কমলগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা ঐ পর্যটকরা হামহাম জলপ্রপাত দেখতে যান। ফেরার পথে ছিনতাইকারীরা পর্যটকদের একটি আইফোনসহ ১১টি মোবাইল ফোন, ২টি ক্যামেরা ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের আক্রমনে শহিদুল ইসলাম (২৮), রফিক পালোয়ান (২৮) ও জান্নাতুল ফেরদৌস (২৩) নামের তিন পর্যটক ও গাইড ইকবাল আহত হন। আহত পর্যটকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে যান।
শহিদুল ইসলাম জানান, হামহাম জলপ্রপাতে ধরমপাসী একটি হোটেলে বসা থাকাকালীন সময়ে ছিনতাইকারীরা এসে হামলা চালায়। এ ঘটনায় তারা কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চেয়ে কমলগঞ্জ থানার ওসি ও ওসি (তদন্ত) দুইজনের মোবাইলে সন্ধ্যায় ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেননি। তবে থানা পুলিশের এসআই জাহিদুল হাসান বলেন, এ বিষয়ে তারা কিছু জানেন না।