‘সিআইএ’র নির্যাতনের ব্যাপারে জানতেন বুশ’

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১৯:১০

তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) নিষ্ঠুর নির্যাতন চালিয়ে জেরার বিষয়ে সবকিছুই জানতেন বুশ। জিজ্ঞাসাবাদ কর্মসূচি সম্পর্কে তার যা জানার দরকার ছিল, সবই তিনি জানতেন। বৃহস্পতিবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তাছাড়া, সিআইএ’র নির্যাতন নিয়ে সিনেট গোয়েন্দা কমিটির দেয়া প্রতিবেদনটিও ত্রুটিপূর্ণ বলে চেনি মন্তব্য করেছেন। পুরো প্রতিবেদনটি পড়ে দেখেননি বলে স্বীকার করলেও চেনি বলেন, এ প্রতিবেদনে অনেক ত্রুটি আছে।
সিনেট গোয়েন্দা কমিটি গত মঙ্গলবার সিআইএ’র বন্দি নির্যাতন নিয়ে ৪৮০ পাতার প্রতিবেদন প্রকাশ করে। এতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে জঙ্গি সন্দেহে আটক ব্যক্তিদের জেরা করতে গিয়ে গোয়েন্দা সংস্থাটির ‘নিষ্ঠুর নির্যাতন’ চালানোর কথা বলা হয়েছে।
তাছাড়া, এ পদ্ধতিতে সিআইএ জঙ্গিদের হুমকি মোকাবেলায় কার্যকর তথ্য আদায়ে ব্যর্থ হয়েছে এবং মিথ্যা তথ্য দিয়ে মার্কিন সরকার, রাজনীতিবিদ ও নাগরিকদের বিভ্রান্ত করে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিন্তু চেনি বলেছেন, প্রতিবেদনটিতে যা বলা হয়েছে তাতে সিআইএ-ই দুর্বৃত্তের মত কাজ করে গেছে এবং সরকার কিংবা প্রেসিডেন্টদেরকে এ বিষয়ে কিছুই বলা হয়নি বা জানানো হয়নি এমন একটি ইঙ্গিত রয়েছে- এটি সম্পূর্ণ মিথ্যা।
তিনি আরো বলেন, বুশ সিআইএ’র জিজ্ঞাসাবাদ সম্পর্কে যা কিছু জানতে চাইতেন তার সবই জানতে পারতেন। তিনি জিজ্ঞাসাবাদের সব কৌশল সম্পর্কেই জানতেন।
মঙ্গলবার সিআইএ’র নির্যাতানের প্রতিবেদন প্রকাশের আগে ইউএস টিভিতে গোয়েন্দা সংস্থাটির পক্ষে অবস্থান নিয়ে প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগ তোলেন জর্জ ডব্লিউ বুশ।