শিল্পাচার্য জয়নুলের মাসব্যাপী জন্মশতবর্ষ উদ্যাপন শুরু

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১৯:৩৯
 
 
 
 
 
স্মরণে, চিত্রে ও প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উত্সব উদ্যাপন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বর্ণাঢ্য আয়োজনে মাসব্যাপী এ উত্সব পালন করবে চারুকলা পরিবার। শিল্পাচার্যের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, সেমিনার, মেলা, স্মৃতিচারণামূলক অনুষ্ঠান, দেশের গান, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাউল গান, ভক্তি সংগীত, নজরুল-রবীন্দ্র সংগীত, পুনর্মিলনী, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজনে স্মরণ করা হবে জয়নুল আবেদিনকে।
বৃহস্পতিবার জয়নুলের শিল্পকর্মের প্রদর্শনীর মধ্য দিয়ে মাসব্যাপী উত্সব কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উত্সবের সব আয়োজন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতির উদ্দেশে নিবেদন করা হয়েছে।
প্রদর্শনীতে জয়নুলের বিখ্যাত চিত্রকর্ম দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়সহ বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়। পাশাপাশি চারুকলার শিক্ষকদের শিল্পকর্ম জয়নুল গ্যালারি এবং ছাত্র-ছাত্রীদের শিল্পকর্ম নিজ-নিজ বিভাগে প্রদর্শন করা হয়। এতে সাতটি বিভাগের ৪৪২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদ প্রিন্ট মেকিং বিভাগের ছাত্রী ফারহানা ইয়াসমীন এবং ভাস্কর্য বিভাগের ছাত্র চন্দ্রনাথ পালকে পৃথকভাবে ‘শিল্পাচার্য জয়নুল আবেদীন স্বর্ণপদক-২০১৪’ প্রদান করা হয়। প্রথমবারের মতো এ দুটি পুরস্কার প্রদান করা হয়েছে। এ ছাড়া, আরো ৩৬টি পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘শিল্পকলার প্রাণপুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পী ও চারুকলার শিক্ষার্থীদের তার  চিন্তাচেতনা, তার কর্ম ও সৃষ্টিকে অনুসরণ করতে হবে। অনুপ্রাণিত হওয়ার জন্য জয়নুলের জীবনের চেয়ে বড় উদাহরণ আর নেই।’
তিনি বলেন, ‘সমাজেরর হাসি-কান্না, আনন্দ-বেদনা, অসঙ্গতি শিল্পীদের চিত্রকর্মে জীবন্তরূপে ফুটে ওঠে। তাই শিল্পীরা যত বেশি সৃষ্টিশীল এবং সমাজ-রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকবেন, তত  বেশি কালোত্তীর্ণ চিত্রকর্ম তৈরি হবে।’
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী।
জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উত্সবের মাসব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে— ২৬ ডিসেম্বর সকালে জয়নুল মেলার উদ্বোধন এবং বিকালে স্মৃতিচারণামূলক অনুষ্ঠান ও দেশের গান, ২৭ ডিসেম্বর সকালে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকালে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও বাউল গান-ভক্তি সংগীত, ২৮ ডিসেম্বর বিকালে স্মৃতিচারণামূলক অনুষ্ঠান এবং বিকালে নজরুল-রবীন্দ্র সংগীত, ২৯ ডিসেম্বর সকালে শিল্পাচার্যের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, পুনর্মিলনী ও সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া, আগামী বছরের ৫ ও ৬ জানুয়ারি অনুষদ মিলনায়তনে এবং ১১ ও ১২ জানুয়ারি জাতীয় জাদুঘর মিলনায়তনে পৃথক সেমিনার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন শিল্পাচার্জ জয়নুল আবেদিন।