সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, ঢাকার দুটি সিটি করপোরেশনের নির্বাচন সরকার না চাইলে কখনো নির্বাচন সম্ভব নয়। তাই সবার আগে সরকার এই নির্বাচন চায় কিনা তা পরিষ্কার করতে হবে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সীমানা জটিলতা কোনো সমস্যা নয়। এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকার আন্তরিক হলে তিন মাসের মধ্যে দুটি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকা সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
সুজনের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে গোলটেবিলে বক্তব্য রাখেন- সুজনের নির্বাহী সদস্য বিচারপতি কাজী এবাদুল হক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক সংসদ সদস্য এস এম আকরাম প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-সুজনের নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ। তাঁর অনুপস্থিতিতে প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের দিলীপ কুমার সরকার।
