বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার ইকরা হোটেলের সামনে থেকে এক চিহ্নিত সন্ত্রাসীকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম মো. বিল্লাল ওরফে শুটার বিল্লাল (৩৫)। গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা তিন সহযোগী লিটন, মিন্টু ও ওয়াসিমকেও গ্রেপ্তার করা হয় বলে কাফরুল থানার ওসি আবদুল কাইয়ুম জানিয়েছেন। জানা গেছে বিল্লাল ভাড়াটে খুনি হিসেবে কাজ করতো। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ। সে পলাতক ছিলো। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
আব্দুল কাইয়ুম বলেন, “গ্রেপ্তারের সময় বিল্লালের সঙ্গে থাকা একটি ৭.৬২ মডেলের বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২টি গুলি উদ্ধার করেছে পুলিশ।”
