আলোচনা সভা, চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশতবর্ষ উত্সব উদযাপন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। মাসব্যাপী শিল্পাচার্যের জন্মশত বার্ষিকী পালন করবে চারুকলা পরিবার। শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সেমিনার, মেলা, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, দেশের গান, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাউল গান, ভক্তি সংগীত, নজরুল-রবীন্দ্র সংগীত, পুনর্মিলনী, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজনে স্মরণ করা হবে শিল্পাচার্যকে।
গতকাল বৃহস্পতিবার শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্মের প্রদর্শনীর মধ্য দিয়ে মাসব্যাপী উত্সব কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উত্সবের সকল আয়োজন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করা হয়।
চারুকলার শিক্ষকদের শিল্পকর্ম জয়নুল গ্যালারি এবং ছাত্র-ছাত্রীদের শিল্পকর্ম নিজ নিজ বিভাগে প্রদর্শন করা হয়। এতে ৭টি বিভাগের ৪৪২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদ প্রিন্ট মেকিং বিভাগের ছাত্রী ফারহানা ইয়াসমীন এবং ভাস্কর্য বিভাগের ছাত্র চন্দ্রনাথ পালকে পৃথকভাবে ‘শিল্পাচার্য জয়নুল আবেদীন স্বর্ণপদক-২০১৪’ পুরস্কার প্রদান করে। প্রথমবারের মত এ দুইটি পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও আরো ৩৬টি পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, শিল্পকলার প্রাণপুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদীন। শিল্পী ও চারুকলার শিক্ষার্থীদের তার চিন্তাচেতনা, তার কর্ম ও সৃষ্টিকে অনুসরণ করতে হবে। অনুপ্রাণিত হওয়ার জন্য জয়নুলের জীবনের চেয়ে বড় উদাহরণ নেই।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী।
জয়নুল আবেদীনের জন্মশতবর্ষ উত্সবের মাসব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে- ২৬ ডিসেম্বর সকালে জয়নুল মেলার উদ্বোধন এবং বিকালে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও দেশের গান, ২৭ ডিসেম্বর সকালে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকালে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও বাউল গান-ভক্তি সংগীত, ২৮ ডিসেম্বর বিকালে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান এবং বিকালে নজরুল-রবীন্দ্র সংগীত, ২৯ ডিসেম্বর সকালে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, পুনর্মিলনী ও সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আগামী বছরের ৫ ও ৬ জানুয়ারির অনুষদ মিলনায়তনে এবং ১১ ও ১২ জানুয়ারি জাতীয় জাদুঘর মিলনায়তনে পৃথক পৃথক সেমিনার অনুষ্ঠিত হবে।