সারাদেশে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ অর্ধশতাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রংপুর: রংপুরে পুলিশ ও র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ৪৯ জন গ্রেফতার হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৮ জন গ্রেফতার হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৩, পৃথক দুটি অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল ৯৭ পিস ইয়াবাসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
মাগুরা: মাগুরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ২১ জন গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। দুপুরে তাদের আদালতে চালান দেয়া হয়েছে।
বগুড়া: র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা ৭০ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বিক্রির টাকা এবং নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর গ্রামে বাঁশঝাড়ে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার সর্দারকান্দি এলাকা থেকে সোমবার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাবুল মিয়া ও বিপ্লব চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা হয়েছে।
মহেশপুর (ঝিনাইদহ): রবিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার ভৈরবা মোড় নামক স্থান থেকে ৮কেজি ২শ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহামান নামে গাঁজা ব্যসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় রাতেই মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
সিংড়া (নাটোর): সিংড়ায় র্যাবের অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় ১৪৫৫ বোতল ফেন্সিডিল ও ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার ভোরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
স্বরূপকাঠি (পিরোজপুর): স্বরূপকাঠিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইস্রাফিল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রক আইনে মামলা শেষে সোমবার আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
