গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বামনডাঙ্গায় বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার চৌধুরাণী গ্রামে মুজিবুল হকের ছেলে ফেরদৌস মিয়া (২২) ও আমিনুল হকের ছেলে খোরশেদ আলম (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত দুইটার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক বাড়ি ফিরছিলেন। পথে বামনডাঙ্গা রেলস্টেশনের অদূরে দক্ষিণ রেলগেটের সড়কের গতি প্রতিরোধক পাড় হবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রেলগেটের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ফেরদৌস মারা যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খোরশেদ মারা যান। আহত অন্যজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, পুলিশ যাওয়ার আগেই লাশ স্বজনরা নিয়ে গেছেন। এনিয়ে থানায় কোন মামলা দায়ের হয়নি।
