মেয়ের বোকামির জন্য ক্ষমা প্রার্থনা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ০০:৫৯

কোরিয়ান এয়ারের সিইও চো ইয়াং-হো তার মেয়ের আচরণের জন্য শুক্রবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ইয়াংয়ের মেয়ে চো হিউন-আহ্ একটি বিমান থেকে প্রধান কেবিন ক্রুকে নেমে যেতে বাধ্য করেছিলেন। এই ঘটনা ব্যাপক অসন্তোষ ও হাস্যরসের জন্ম দেয়ার পর তিনি ক্ষমা চাইলেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে চো তার মেয়ের ‘বোকামির’ জন্য ক্ষমা চেয়েছেন এবং মেয়েকে সঠিকভাবে  মানুষ করতে না পারায় এই ঘটনার জন্য তিনি নিজেকেও আংশিকভাবে দায়ী করেন। তিনি বলেন, ‘আমি একজন পিতা ও কোরিয়ান এয়ারের প্রধান হিসেবে ক্ষমা চাইছি।’ বিমান কোম্পানিটির মালিকের মেয়ে হওয়ার পাশাপাশি হিউন তার পরিবারের মালিকানাধীন এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। হিউনকে সকল দাপ্তরিক পদ থেকে অপসারণ করা হয়েছে বলে ইয়াং নিশ্চিত করেছেন।

উল্লেখ্য নিউইয়র্কগামী একটি বিমানে ভুলভাবে বাদাম পরিবেশন করায় হিউন বিমানের প্রধান পার্সারকে বিমান থেকে নেমে যেতে বাধ্য করেন। এতে বিমানের উড্ডয়নের নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বিলম্বিত হয়। শুক্রবার পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হিউনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। -এএফপি