দুই তরুণীর লাশ উদ্ধার যুবকের আত্মহত্যা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ০১:০৬

রাজধানীর ভাসানটেক ও খিলক্ষেতে দুই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভাসানটেক থানার এসআই নুরুজ্জামান জানান, পোড়াবাড়ির টিনশেড নামা এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন মর্জিনা বেগম। গতকাল সকালে প্রতিবেশীরা ডাকতে গিয়ে তাকে মৃত দেখতে পান। সন্দেহজনক মনে হওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বেলা ১টার দিকে ঘরের ভেতর থেকে মর্জিনার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে তাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে যায়। দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী পুলিশের ধারণা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
খিলক্ষেত থানার এসআই মনিরুজ্জামান জানান, নিকুঞ্জ-১ এলাকার তিন নম্বর সড়কের ২২ নম্বর প্লটের সামনে থেকে বৃহস্পতিবার মধ্যরাতে লাশটি উদ্ধার করা হয়। মাথার পেছনে আঘাতের চি?হ্ন ও গলায় ওড়না পেঁচিয়ে গিঁট দেয়া ছিল। নিহত তরুণীর পরনে ছিল বেগুনি রঙের সালোয়ার-কামিজ।
অন্যদিকে রমনার সিদ্ধেশ্বরী এলাকায় রাসেল মিয়া নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার রাত ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে চিকিত্সক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

এক আত্মীয় জানান, সিদ্ধেশ্বরী এলাকার ৩৮ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন রাসেল। স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দেন বলে দাবি করা হয়েছে।