ভারতের পশ্চিমবঙ্গের ক্রিয়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্র সারদাকাণ্ডে গ্রেফতার হওয়ার পর থানার চেয়ারে বসেই সারা রাত কাটিয়ে দিলেন। আর এক কাপ লাল চা পান করা ছাড়া রাতে কিছুই খাননি তিনি। মন্ত্রীর নিত্যের বর্ণময় চালচলন শুক্রবার রাতে পুরোপুরিই বদলে গিয়েছিল। খবর জিনিউজ’র।
ভারতীয় গণমাধ্যম জানায়, শাসক দলের অন্যতম মাথা এবং রাজ্যের মন্ত্রীকে লকাপে ঢোকানের সাহস দেখায়নি কেউ। হয়তো গ্রেফতারের পর এসব ভাবনা-চেতনাই নাড়া দিচ্ছিল মদন মিত্রের মনে। রাতে বাইরের চেয়ারেই তিনি বসে রইলেন। চেয়ারে বসেই মাঝে মাঝে তন্দ্রায় ঢুলে পড়লেন। নরম বিছানায় অভ্যস্ত মদন থানার হাজতে শীতের রাত কাটালেন শাল পড়ে। পুলিশ বারবার খাবারের কথা জিজ্ঞেস করলেও কিছুই খেতে চাননি তিনি। রাতে বাড়ি থেকে আনা খাবার খাননি তিনি। পরে শুধু এক কাপ লাল চা পান করলেন তিনি।
