তিন দিনব্যাপী নবান্ন উত্সব সমাপ্ত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২০:৫১

গ্রামীণ ঐতিহ্যবাহী গান, নাটক, খেলা ও পিঠাপুলির আসর আর নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার দিনাজপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উত্সব। দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উত্সবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশীদ।

সমাপনী দিনে বঙ্গ মিলারস লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ আজাদ জানান, কালের বিবর্তনে আমাদের সংস্কৃতি থেকে অনেক ঐতিহ্যবাহী উত্সব হারিয়ে যাচ্ছে। নবান্ন উত্সবের মতো এমন গ্রামবাংলার ঐতিহ্যবাহী উত্সবকে শহরের মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা গত কয়েক বছর ধরে ঢাকায় এ উত্সবের আয়োজন করে আসছি।

এ সময় সাংবাদিক মো. মতিউর রহমান বলেন, বাঙালির রক্তের সঙ্গে মিশে আছে গ্রামীণ বাংলার ঐতিহ্য; কিন্তু আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে আমরা আমাদের ঐতিহ্যবাহী সেই ঐতিহ্য হারাতে বসেছি। বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল ধান এসে ঐতিহ্যবাহী সেই সুগন্ধী কাটারী ধানের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে বিভিন্ন কৃষ্টি কালচার। বাঙালির সেই ঐতিহ্য ধরে রাখতে এই নবান্ন উত্সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কৃষক ও বিনোদন অনুষ্ঠানের প্রযোজক রফিক রাজ, মিডিয়া পার্টনার এ কে সাজ্জাদ হোসেন সাজ্জাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুল আলম এবং বঙ্গ মিলারস লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মুস্তাফিজুর রহমান।