রাজধানীর শেরেবাংলা নগরে আবহাওয়া অফিসের স্টাফ কোয়ার্টারের সামনে থেকে শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে কালো প্যান্ট, টিশার্ট ও কালো রঙের জ্যাকেট ছিল। পুলিশের ধারণ— তাকে শ্বাসরোধে হত্যা করে লাশটি কোয়ার্টারের পাশে ফেলে রাখা হয়েছে। এ দিকে, একই দিন সকালে বনানীতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
শেরেবাংলা নগর থানার এসআই সঞ্জীব কুমার জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির গলায় চিকন কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে— তাকে বৈদ্যুতিক তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ দিকে, ঢাকা রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান— সকাল সাড়ে ৭টার দিকে আনুমানিক ২০ বছর বয়সী এক যুবক বনানীর সৈনিক ক্লাব লেভেল ক্রসিংয়ের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি চলন্ত ট্রেনে তাকে ধাক্কায় দেয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
