কানাডার ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির বিচেস-ইস্টইয়র্ক রাইডিং অ্যাসোসিয়েশন বোর্ডের পরিচালক ও কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-কানাডিয়ান সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু। টরন্টোতে অনুষ্ঠিত এজিএমে নির্বাচিত পরিচালক ও কমিটি চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি গর্ড বেকার।
মিন্টু টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলামেইল ও দ্য বেঙ্গলি টাইমস ডটকমের সম্পাদক। তিনি দৈনিক আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকাসহ বাংলাদেশের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে কর্মরত ছিলেন। ঢাকার বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। বাংলাদেশের প্রথম বেটাফরমেটের ফিল্ম দেবদাসসহ অনেক টিভি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। লিখেছেন বেশ কিছু গ্রন্থ। একাত্তর ও মুক্তিযুদ্ধ প্রতিদিন তাঁর অন্যতম গ্রন্থ।
