রোহিঙ্গা আশ্রয়ের অভিযোগে কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির দুই ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া অবস্থিত এমপি বদির ভাই মো. শফিক (৩০) ও মো. ফয়সালের (২৮) বাড়িতে এই অভিযান চালানো হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তার হোসেন জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকতাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও এমপি বদির ছোট ভাই মো. শফিক ও মো. ফয়সালকে আটকের জন্য টেকনাফ পৌরসভার ৭ নং ওর্য়াডের চৌধুরীপাড়ায় তাদের বাড়িতে অভিযান চালানো হয়। ঐ বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে থাকা মিয়ানমার নাগরিক মো. শামসুল আলমকে আটক করা হয়। সে মিয়ানমারে আকিয়াব জেলার বুশিদং এলাকার বাসিন্ধা মৃত আবদু রশিদের ছেলে।
ওসি মোক্তার হোসেন আরো জানান, স্বরাষ্টমন্ত্রালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের আটক করতে পুলিশ মাঠে অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় এমপি বদির ভাইয়ের বাড়িতে অভিযান চালানো হয়। তবে ঐ সময় তারা বাড়িতে ছিলেন না। বাড়িতে অবৈধভাবে থাকা মিয়ানমারের নাগরিককে আটক করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৪৬ সালের বৈদেশিক নাগরিক আইনে ১৪ ধারায় এবং এমপি বদির ভাই মো. শফিক এবং মো. ফয়সালকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ১৩ ধারায় মামলা করা হয়েছে। আটক রোহিঙ্গা নাগরিককে দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
