পাকিস্তানি স্টাইলে গুম-খুন চলছে----------- ফখরুল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ০০:৪৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো সেই পাকিস্তানি স্টাইলে গুম, খুন, গুপ্ত হত্যা চলছে। গতকাল রবিবার সকালে মহান বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দেশে একাত্তর সালের মতো গুম-খুন-গুপ্ত হত্যা চলছে। শহীদ বুদ্ধিজীবীরা একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আজ কি দেখছি? দেশের এ অবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যে স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবীরা আত্মত্যাগ করেছিলেন সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি।