মিরপুরে নিরাপত্তা প্রহরী খুন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১১:০০
রাজধানীর মিরপুরে এক নিরাপত্তা প্রহরীকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত শাহজাহান (৬২) ‘আহমেদ ফুড প্রোডাক্টস’ নামে একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পল্লবী থানার ডিউটি অফিসার এস আই রাকিবুল আলম জানান, রবিবার দিনগত মধ্য রাতের কোনো একসময় মিরপুর সাত নম্বর সেকশনের পূরবী সিনেমা হলের পিছনে অবস্থিত ওই প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা শাহজাহানকে কুপিয়ে আহত করে।
গুরুতর অবস্থায় শাহজাহানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।