সহিংস রাজনীতি ত্যাগ করে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। খবর: বাসসের।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার নারায়ণগঞ্জের কাঁচপুরের জনসভায় দেয়া বক্তব্যে প্রমাণিত হয়েছে তিনি সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি।
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বেগম জিয়ার বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত । তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় আগামী প্রজম্মের এবং আওয়ামী লীগের আগামী দিনের নেতা। তার মতো শিক্ষিত, ভদ্র ও বিনয়ীরাই আগামী প্রজম্মের নেতৃত্ব দেবে সেটাই জাতির প্রত্যাশা।
বেগম জিয়া তার বক্তব্যে সজীব ওয়াজেদ জয়ের বেতন নিয়ে যা বলেছেন তার সমালোচনা করে তিনি বলেন, একজন উপদেষ্টা যদি এত টাকা বেতন পান তাহলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কত টাকা বেতন পান? একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়ার তা জানা রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়কে এবং বিশিষ্ট সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে তথ্য উপদেষ্টা হিসেবে অবৈতনিক ভাবে সরকার নিয়োগ প্রদান করেছে এবং তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
সুরঞ্জিত বলেন, আপনাকে (খালেদা) গণমাধ্যমের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের বেতন সম্পর্কে করা মন্তব্য হয় প্রমাণ করতে হবে- না হলে মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।
বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের উদ্যোগে মহান বিজয় দিবস ও চলমান রাজনীতি বিষয়ক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
