রাজধানীর মুগদা ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদলের ৬ সদস্য ও ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- আকতার, আফতাব হোসেন, মো. হানিফ, হেলাল মাতুব্বর, সুমন আলী আপেল, জুয়েল হোসেন, রিয়াজ, মাসুদ, সাইফুল ইসলাম ও বিল্লাল হোসেন।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি ছিনতাই করা মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, তিনটি চাপাতি, একটি ছোরা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গত শনিবার রাত ১১টার দিকে রাজধানীর মুগদা থানার বাসার টাওয়ারের সামনে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে রাজধানীসহ আশে পাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল তারা। বিভিন্ন আন্ত:জেলা থেকে আসা চাল ও রডের ট্রাকে ডাকাতি করে ড্রাইভারকে মারধর করে রাস্তায় ফেলে দেয়।
অপরদিকে গতকাল ভোর চারটার দিকে রামপুরা থানার পূর্ব রামপুরা নিরিবিলি গলি থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, দণি বিভাগের উপ-কমিশনার কৃষ্ণপদ রায়, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার সাঈদুর রহমান উপস্থিত ছিলেন।
