১৩ মিলিয়ন মার্কিন ডলার পাচার

কাজী তাজুল ও রূপালী ব্যাংকের এমডিকে দুদকে তলব

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ২০:৩৬
ঋণ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত্ ও তা বিদেশে পাচারের অভিযোগ তদন্তে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাকারী মেসার্স ওয়েস্টমন্ট পাওয়ার (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে অভিযোগ তদন্তে রূপালী ব্যাংকের এমডি এম ফরিদ উদ্দিনকেও তলব করা হয়েছে। ওই সময় তিনি জনতা ব্যাংকের লোকাল অফিসের জিএম ছিলেন।
সোমবার দুদক কার্যালয় থেকে সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশ আগামী ২২ ডিসেম্বর দুদকের জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।
 উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১/১১-এর সময় পাঁচ কোটি টাকা চাঁদাবাজির মামলা করেছিলেন কাজী তাজুল ইসলাম ফারুক।
দুদক সূত্র জানায়, ২০০২ সালে মেশিনারি আমদানির নামে ওয়েস্টমন্ট পাওয়ার (বাংলাদেশ) লিমিটেডের বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে ১২ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার (৭৮ কোটি ৯৯ লাখ টাকা) ঋণ নিয়ে আত্মসাত্ করা এবং তা পরবর্তী সময়ে অবৈধভাবে তা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। এ অভিযোগে ২০১১ সালের ১২ এপ্রিল রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক এস এম আখতার হামিদ ভূঁইয়া বাদী হয়ে মামলাটি (মামলা নং-৬৪) দায়ের করেন।