‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৬:৩২
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধ্বংস করে দিয়েছে। মুক্তিযুদ্ধের  চেতনা ছিল গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা। কিন্তু আজকে তা হরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনায় ছিল একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, স্বাধীনতার ৪৩ বছর পরও এই দখলদার সরকার খুন, গুম, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে মানুষের সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। এখন নানা কথা বলে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে নেয়ার চেষ্টা চলছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এসময় তিনি জনগণকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।