প্রায় দেড় কোটি টাকার চোরাচালানের পণ্য উদ্ধার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৬:৪০
এক কোটি ৪২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে বিজিবি’র চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের একটি টহল দল  যশোর-মাগুরা সড়কে মাগুরা বিদ্যুত্ অফিসের সামনে থেকে এ মালামাল উদ্ধার করে।
বিজিবি’র চুয়াডাঙ্গা -৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, যশোর সীমান্ত এলাকা থেকে চোরা পথে আসা বিপুল পরিমান ভারতীয় পণ্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। বিজিবি’র একটি টহল দল কাভার্ড ভ্যান তল্লাশী চালিয়ে  ১৮ হাজার ৮’শ ময়ূরের পালক ও ৩২ কাটুন কসমেটিকস ও ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করে। যার মূল্য এক কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্য কাস্টমসে জমা দেয়া হয়েছে।