মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ হচ্ছে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ২১:০২
 
 
 
 
ঢাকা মহানগরীতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার ঘোষণা দিয়েছে ঢাকার (উত্তর ও দক্ষিণ) দুই সিটি করপোরেশন। একই সঙ্গে তাদের দুঃখ আর কষ্টের কথা শুনতে সপ্তাহের বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২ ঘণ্টা সময় বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে দুই সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় এ ঘোষণা দেয়া হয়। রাজধানীর উসমানী উদ্যানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্যে ডিএনসিসির প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মণ জানান, মুক্তিযোদ্ধাদের কথা বিবেচনা করে ডিএনসিসি তাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করেছে। তবে তার এ বক্তব্য সঠিক নয় বলে প্রতিবাদ করেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।
প্রশাসকের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘যুদ্ধাহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের হেল্ডিং ট্যক্স সরকারিভাবে মওকুফ রয়েছে। কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এটা নেই। আমরা অবিলম্বে মহানগরীতে বসবাসরত সব মুক্তিযোদ্ধার বাড়ি হোল্ডিং ট্যাক্স মুক্ত করার প্রস্তাব সরকারের কাছে পেশ করব।’
এ ছাড়া তিনি জানান, এখন থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই সিটি করপোরেশন মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা আলাদা করে শুনবে।