বাবুগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে দাওয়াত পাননি বীরশ্রেষ্ঠের পরিবার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ০১:৩২

মহান বিজয় দিবসের উত্সব পালন করা হলেও ঐ উত্সবে অংশ নেয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে দাওয়াত পাননি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানেরও দাওয়াত পাননি ঐ পরিবার। উপজেলা প্রশাসন থেকে দাওয়াত না পাওয়ায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুরুর রহমান বাচ্চু ও তার পরিবারের ক্ষোভ ও কষ্টের শেষ নেই। এদিকে মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিবার দাওয়াত না পাওয়ায় বিষয়টি এ প্রতিবেদকের কাছ থেকে বিকাল ৪টায় জানার পর অবাক হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

অপরদিকে গত রবিবার ছিল বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৩তম শাহাদাত্বার্ষিকী। নীরবে নিভৃতে দিনটি কেটে যায়। নুতন প্রজন্ম জানতেও পারেনি মহান বিজয় দিবসের ২ দিন আগে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর পাকহানাদার বাহিনীর সাথে জীবনবাজি রেখে যুদ্ধ করতে করতে একপর্যায়ে বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়ে সহযোদ্ধাদের জীবন রক্ষা করেন। বিজয় দিবসে ঐ পরিবারের খোঁজ কেউ নেবে না বিষয়টি মানতে নারাজ বরিশালের বাবুগঞ্জ উপজেলাবাসী।