রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা
রাজাপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের অবহেলায় পূর্ব ছোট কৈবর্তখালী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সাত শিক্ষার্থী চলমান ইবতেদায়ি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছে। এতে তাদের শিক্ষা জীবনে নেমে এসেছে অন্ধকার।
এ ব্যাপারে পূর্ব ছোট কৈবর্তখালী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রসার সুপার মোঃ হাসান মাহমুদ জানান, গত ১৮ নভেম্বর থেকে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিতে চলতি বছরের মে-জুন মাসের মাঝামাঝি সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকা জমা দেন। সর্বশেষ পরীক্ষার আগের দিন ১৭ নভেম্বর সন্ধ্যায় তাকে জানিয়ে দেওয়া হয়— ওই সাত শিক্ষার্থীর অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। যার ফলে এ বছর তারা ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। মাদ্রাসা সুপার বলেন, উপজেলা শিক্ষা অফিসের অবহেলার কারণে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় এখন অভিভাবকদের চাপে রয়েছি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ আলমগীর জানান, এ ব্যাপারে সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের কোনো অবহেলা প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
