রাজধানীতে কলেজছাত্রী ও এসিমিস্ত্রির অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ২১:২২
 
 
 
 
রাজধানীর উত্তর মুগদাপাড়া এলাকায় এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তার নাম সুমাইয়া জামান (১৯)। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ দিকে, একই দিন বিকালে মালিবাগ এলাকায় বিদ্যুতস্পৃষ্টে শাহ জালাল (২২) নামের এক এসিমিস্ত্রি মারা গেছেন।
মুগদা থানা পুলিশ জানিয়েছে, সুমাইয়া জামান হায়দার স্কুল এন্ড কলেজের ছাত্রী। তার বাবার নাম মনিরুজ্জামান। তারা ১৩৫/৪ নম্বর উত্তর মুগদাপাড়ার মদিনাবাদ এলাকায় থাকেন। সকালে সুমাইয়া তার বাবা-মার সঙ্গে অভিমান করে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের লোকজন দেখতে পায় সুমাইয়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছেন। তখন পরিবারের লোকজন দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
এ দিকে, রাজধানীর মালিবাগ এলাকায় ৪ নম্বর ডিআইটি রোডের ফাস্টফুডে একটি দোকানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শাহ জালাল (২২) নামের এক এসিমিস্ত্রি মারা গেছেন। বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই আজহারুল ইসলাম জানান, শাহ জালাল আলিফ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে এসিমিস্ত্রি হিসেবে কাজ করতেন। ডিআইটি রোডে এরশাদ ফাস্টফুড নামের ওই দোকানে তিনি এসি মেরামত করতে গিয়ে  বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসে।