গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ০০:৪৪

জেলার পুবাইলের মাজুখান এলাকার একটি খাল থেকে গতকাল বুধবার আকরাম হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি সিরাজগঞ্জের তারাশ উপজেলার সবুজপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আকরাম হোসেন ও তার মামাতো ভাই শাহীন মিয়া কিশোরগঞ্জ জেলায় বায়োগ্যাস প্লান্ট তৈরির শ্রমিক হিসাবে কাজ করে। গত শুক্রবার তারা সিরাজগঞ্জ যাবার উদ্দেশ্যে ট্রেনে কিশোরগঞ্জ থেকে ঢাকার ক্যান্টনম্যান্ট নামে। পরে সেখান থেকে দুই যুবকসহ তারা একটি টমটম গাড়িতে চড়ে রাত ১২টার দিকে পুবাইলের মাঝুখান আসে। সেখানে ওই দুই যুবক আকরাম ও শাহীনকে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় শাহীন জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন শনিবার সকালে জ্ঞান ফিরলে শাহীন আকরামের খোঁজ করে তাকে না পেয়ে বাড়ি ফিরে আসে।

গতকাল বুধবার সাকালে মাঝুখান এলাকার খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির এসআই জানান, আকরামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।