কবি নূরুল হুদা আহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ০৬:০৯

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিল্প সম্পাদক কবি মুহম্মদ নুরুল হুদা বুধবার রাতে শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটের সামনে এক দুর্ঘটনায় আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত ৯টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাস্তার উল্টো দিক থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী তার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে তিনি হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আহত নূরুল হুদাকে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ক্ষত স্থানে সেলাইও দিতে হয়েছে।
নুরুল হদা জানান, তিনি পাঠক সমাবেশ থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় আকস্মিকভাবে উল্টো দিক থেকে মোটর সাইকেলটি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে যান। মোটর সাইকেল আরোহীরা দ্রুত পরিবাগের দিকে চলে যায় বলে জানান তিনি।
ঘটনা শোনার পরপরই শাহবাগ থানা থেকে পুলিশ হাসপাতালে গিয়ে কবি নূরুল হুদার চিকিৎসার দেখভাল করেন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বলেন, ঘটনাটি দুর্ঘটনা না হামলা, তা তদন্ত করে দেখা হবে।