নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নিয়োগ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৯

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।  এবারের প্রক্রিয়ায় ১১টি পদে সর্বমোট ১০২ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, চলবে আগামী ১৩ মার্চ, ২০১৯ খ্রি: পর্যন্ত। বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ

আবেদনে পদসমূহ

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বমোট ১১টি পদে ১০২ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে চেয়ারম্যানের একান্ত সচিব পদে একজন। খাদ্য বিশেষজ্ঞ পদে একজন। নিরাপদ খাদ্য অফিসার পদে ৭২ জন। সহকারী পরিচালক পদে ছয়জন। বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ৯ জন। মনিটরিং অফিসার পদে পাঁচজন। গবেষণা কর্মকর্তা পদে চারজন। আইন কর্মকর্তা পদে একজন। জনসংযোগ কর্মকর্তা পদে একজন। পরিসংখ্যান কর্মকর্তা পদে একজন। হিসাবরক্ষণ কর্মকর্তা পদে একজন নিয়োগ দেওয়া হবে।

 

আবেদনের যোগ্যতা

চেয়ারম্যানের একান্ত সচিব, খাদ্য বিশেষজ্ঞ, নিরাপদ খাদ্য অফিসার, সহকারী পরিচালক, বৈজ্ঞানিক কর্মকর্তা, মনিটরিং অফিসার ও গবেষণা কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা অথবা খাদ্য প্রকৌশলের যে কোনো একটি বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস হতে হবে। আইন কর্মকর্তা পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস হতে হবে। জনসংযোগ কর্মকর্তা পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস হতে হবে। পরিসংখ্যান কর্মকর্তা পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস হতে হবে। হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস হতে হবে। উপরে উল্লিখিত বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর পাস হলেও আবেদন করা যাবে। এ ছাড়া সংশ্নিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

 

বয়সসীমা

উল্লিখিত পদগুলোতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া

উল্লিখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রার্থীকে http:// bfsa2.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি এসএমএস করে পাঠাতে হবে। পরীক্ষার সময়, তারিখ ও স্থান প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

বেতনসীমা

উল্লিখিত পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা হারে বেতন-ভাতা পাবেন

।