চার্চিলের চিত্রকর্ম রেকর্ড দামে বিক্রি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৭:৩১
 
দ্বিতীয় যুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বেশ কিছু চিত্রকর্ম রেকর্ড দামে বুধবার নিলামে বিক্রি হয়েছে। চার্চিলের আঁকা কোন চিত্রকর্ম এই প্রথম সর্বোচ্চ দামে বিক্রি হল। 
চার্চিল কন্যা মেরি সোমেসের ব্যক্তিগত সংগ্রহ থেকে সোথবি নিলাম হাউজ বিক্রির এ আয়োজন করে। উল্লেখ্য মেরি সোমেস চার্চিলের অন্যতম বিশ্বস্ত বন্ধুও ছিলেন। এছাড়া চার্চিলের ৫০তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে তার আঁকা ছবিগুলো নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।
‘দ্য গোল্ডফিস পুল অ্যাট চার্টওয়েল’ শিরোনামের একটি ছবি ২৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে যা চার্চিলের এ যাবত বিক্রিত ছবির মূল্যের মধ্যে সর্বোচ্চ।
চার্চিলের বিক্রি হওয়া ১৫টি ছবির মধ্যে ফ্রান্সে তার ছুটি কাটানো এবং লন্ডনের কাছে তার জন্মস্থান চার্টওয়েল এবং ব্লেনহেম প্রাসাদের নানা বিষয় উঠে এসেছে। 
সোথবি বলছে, এর আগে চার্চিলের এতো গুরুত্বপূর্ণ ও একান্ত ব্যক্তিগত কোন চিত্রকর্ম বাজারে আসেনি।
শিল্পকলা বিষয়ক ইতিহাসবিদ ডেভিড কম্বস বলেন, এগুলো চার্চিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমৎকার চিত্রকর্ম।
চিত্রকর্ম ছাড়াও চার্চিল ব্যবহৃত আরো কিছু জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে রয়েছে তাঁর ব্যবহৃত একটি লাল চামড়ার ব্রিফকেস। যা বিক্রি হয়েছে ১৫৮,৫০০ পাউন্ডে। আরো রয়েছে একটি রূপোর পানির জগ। এটি বিক্রি হয়েছে ২৭৮,৫০০ পাউন্ডে। সূত্র: ইয়াহু নিউজ
সোথবি বলছে, ‘ডটার অব হিস্ট্রি’ শিরোনামে চার্চিলের ২৫৫ আইটেমের একটি লট বিক্রি থেকে তাদের অর্থ উঠেছে এক কোটি ৫৪ লাখ পাউন্ড।
উল্লেখ্য, সোমেস যুদ্ধকালে পিতার খুব কাছাকাছি থেকে কাজ করেছেন। ওই সময়ে প্রয়োজনে তিনি বিখ্যাত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকও করেন।