গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ আইন জরুরি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭

গৃহকর্মীর সুরক্ষা ও কল্যাণে দ্রুত আইন প্রণয়ন, শিশু গৃহকর্মীদের নিবন্ধন এবং তাদের অবস্থা নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম কনফারেন্স হলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত এবং বেসরকারি সংস্থা শাপলা নীড়ের সহযোগিতায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫: গৃহকর্মী শিশুর সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি উত্থাপন করেন বক্তারা। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক যুগান্তর-এর সুরঞ্জনা পাতার বিভাগীয় সম্পাদক রীতা ভৌমিক। মূল প্রবন্ধে তিনি বলেন, ২০১৪ সালের জুলাই মাসে বাংলাদেশের গৃহকর্মীদের অধিকার এবং সুরক্ষার জন্য আইন প্রণয়নে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরবর্তীতে ২৮ ডিসেম্বর ২০১৫-এর প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার গৃহকর্মীদের জন্য ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ প্রণয়ন করেছে। গৃহকর্মে নিযুক্ত গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণার্থে পূর্ণাঙ্গ আইন প্রণয়নে প্রাথমিক ধাপ হিসেবে এ নীতি একটি মাইলফলক হলেও এখন এর আইন প্রণয়ন খুবই জরুরি।