‘বিএনপি-জামায়াতের আন্দোলন মোকাবিলায় ১৪ দল মাঠে নামবে’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৮:৪২
 
 
 
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির আন্দোলনের ফাঁকা আওয়াজে জনগণের মধ্যে হাস্যরস তৈরি হয়েছে। খালেদা জিয়ার আল্টিমেটাম কোনো কাজে আসবে না। আগামী বছরের শুরুতেই বিএনপি-জামায়াত যে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তা মোকাবিলায় ১৪ দল আগামী জানুয়ারি থেকেই মাঠে নামবে।
শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অশুভ শক্তিকে মোকাবিলা ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ১৪ দল সব সময় প্রস্তুত থাকবে। খালেদা জিয়া হুমকি দিয়েছেন। সবাই প্রস্তুত থাকবেন। বাংলার মানুষের জানমাল রক্ষায় জানুয়ারি মাস থেকে গ্রামগঞ্জের রাজপথে আমরা থাকব। খালেদা জিয়া কিংবা জামায়াত-বিএনপির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, আপনি ভয় দেখাবেন না। কাকে ভয় দেখান? ১৪ দলীয় জোটের সবাই মুক্তিযোদ্ধা। আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। শেখ হাসিনার সঙ্গে যারা আছেন তারা সবাই মুক্তিযুদ্ধের সৈনিক। আর আপনার সঙ্গে আছে স্বাধীনতাবিরোধী, রাজাকার, যুদ্ধাপরাধী জামায়াত-শিবির। স্বৈরাচারের মতো আচরণ করবেন না। হুমকি দেবেন না।
গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, ওয়ার্কার্স পার্টির সভাপতি সভাপতি রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ছাড়াও বাংলাদেশ শান্তি পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রেজাউর রশীদ খান প্রমুখ।