শরণখোলায় এখনো ঝুলছে মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী প্রচারসামগ্রী

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২০:৪৯

নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা পার হবার পরেও শরণখোলার বিভিন্ন এলাকায় এখনো শোভা পাচ্ছে সংসদ নির্বাচনের বিভিন্ন প্রচারসামগ্রী। ১৮ নভেম্বর রাত ১২টার মধ্যে সকল ধরণের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবারও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কয়েকজনের প্রচারসামগ্রী বৈদ্যুতিক খুঁটি ও বিভিন্ন গাছে ঝুলতে দেখা গেছে।

সোমবার এলাকা ঘুরে দেখা যায়, বাগেরহাট-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট প্রবীর রঞ্জন হালদার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এম আর জামিল হোসাইনের বেশকিছু প্যানা নামানো হয়নি। শরণখোলা সরকারি কলেজ, উপজেলা সদর রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকার গাছ ও বিদ্যুতের খুঁটিতে এসব প্রচার সামগ্রী এখনো  টাঙানো রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এম আর জামিল হোসাইন মোবাইল ফোনে বিকাল তিনটার দিকে বলেন, গতকাল রাতেই সব প্যানা সরানোর জন্য কর্মীদের বলা হয়েছে। এখনো যদি দু-একটি থেকে থাকে বিকালের মধ্যেই তা নামিয়ে ফেলা হবে। তবে, অপর মনোনয়ন প্রত্যাশী প্রবীর রঞ্জন হালদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা  লিংকন বিশ্বাস বলেন, প্রচারসামগ্রী অপসারণের জন্য অনেক আগে থেকেই মাইকিং করে সর্তক করা হয়েছে। এখনো যারা এসব সরাননি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু