এই সময়ের ছড়া

আগুন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৩

শরীর জুড়ে শীতের সময় ধরে যখন কাঁপন,

তখন তাকে খুব মনে হয় সত্যিকারের আপন।

তার পাশে সব নীরব বসে আরাম করে কাটায়,

সর্বনাশা ঠান্ডাকে সে তাড়িয়ে দূরে পাঠায়।    

 

ঝম ঝমা ঝম শব্দ তুলে নামে যখন বাদল,

তখন সে খুব ভয় পেয়ে তার পালটে ফেলে আদল।     

জড়োসড়ো হয়ে যেন মুখটাকে সে লুকায়,

রাঁধুনিরা বিরক্ত হয়, কাঠের চুলা ফুঁকায়।

 

কিন্তু যখন ধেয়ে আসে চৈত্র-বোশেখ-ফাগুন,

গ্রীষ্মতে তার তেজ বোঝা যায়,কী ভয়ানক আগুন!

তার কাছে নেই ভেদ ভেদাভেদ  বস্তি-দালান-চালায়,

সাবধানতার অভাব হলেই সবকিছু সে জ্বালায়।

 

আগুন নির্বাপণ যন্ত্র থাকুক অফিস-বাসায়,

পানির মজুদ রাখতে হবে প্রতিরোধের আশায়। 

চেষ্টা করে ফায়ার সার্ভিস জ্বলা আগুন দমায়,

সতর্কতায় হয় না ক্ষতি, দুর্ঘটনা কমায়।