আমি মুগ্ধ, আমি অভিভূতঃ যুদ্ধশিশু মনোয়ারা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৫

একাত্তরের যুদ্ধশিশু মনোয়ারা বেগম দুই সপ্তাহ বাংলাদেশ সফর শেষে আজ সকালে ভ্যাঙ্কুভারে পৌঁচ্ছান। তিনি কানাডায় ফিরে জন্মভূমি সম্পর্কে আবেগে আপ্লুত হয়ে ইত্তেফাককে বলেন, আমি আমার মাতৃভূমির সান্নিধ্য পেয়ে ধন্য। আমি মুগ্ধ, আমি অভিভূত! জানি, আমার মাকে কোনোদিনই পাবো না; তবে পেয়েছি জন্মসনদ, পেয়েছি আমার স্বীকৃতি, পেয়েছি বাংলাদেশের মানুষের প্রাণের ছোঁয়া। 

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর শেকড়ের সন্ধানে মনোয়ারা ঢাকায় যান। গতকাল ১৮ ডিসেম্বর কানাডায় ফিরলেন।
ভ্যাঙ্কুভারে পৌছে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর, মিডিয়া এবং ক’জন বন্ধুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, আমি সময়-সুযোগ পেলেই নাড়ীর টানে বাংলাদেশে যাবো। ঢাকায় রাজপথে কুড়িয়ে পাওয়া কুকুর ছানা ‘পপি’কে সঙ্গে করে নিতে না পারার জন্য তার মন খারাপ। তবে শিগগির তাঁর পপি কানাডার আসবে সেই প্রক্রিয়া চলছে বলে জানান মনোয়ারা।