গণতন্ত্র শক্তিশালী করতে বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত আইআরআই

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৯

বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে যেকোনো ধরনের সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন সাক্ষাত্ করতে গেলে আইআরআই’র প্রেসিডেন্ট মার্ক গ্রিন এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে মার্ক গ্রিন বলেন, মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্টের (এমসিএ) অধীন প্রারম্ভিক কর্মসূচির জন্য বাংলাদেশকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের অন্যতম নীতিনির্ধারক গ্রিন আরো বলেন, বাংলাদেশ এখন অগ্রগতির পথে রয়েছে এবং দেশটির জনগণ গণতন্ত্রে বিশ্বাসী।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এমসিএ’তে অন্তর্ভুক্তি, গণতন্ত্র, মানবাধিকার, জবাবদিহিতা, দুর্নীতি দমন, সন্ত্রাসদমনসহ নানা বিষয়ে আলোচনা হয়।  জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষ এবং এখানে ঐতিহ্যগতভাবে সম্প্রীতি বিরাজ করছে। ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে আইআরআই প্রধানকে অবহিত করেন তিনি।