গতকাল শুক্রবার বেলা ১১টায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, দক্ষিণ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর গ্রামের নাজিম উদ্দিন ও আবদুল কদ্দুসের মধ্যে হাওরের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে জসিম উদ্দিন (৩৫), নাজিম উদ্দিন (৪৫), জয়েন উদ্দিন (৩০), নিজাম উদ্দিনকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের ভর্তি করা হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বিরোধের সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি জানান, এ ঘটনায় থানায় কোনো পক্ষই মামলা করেনি।
