বগুড়ায় চলমান বিশেষ অভিযানে জামায়াতের উপজেলা শাখার আমীরসহ তিন নেতা এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ছয়টা পর্যন্ত জেলার ১২টি থানা, বিভিন্ন পুলিশ ফাঁড়ি এবং গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। এ সময় পুলিশ ১৫ বোতল ফেন্সিডিল, ৩১টি নিষিদ্ধ ইয়াবা ট্যালেট ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের দুপচাঁচিয়া উপজেলা শাখার আমীর মনসুর আরী , সেক্রেটারি মতিউর রহমান এবং বগুড়া সদর উপজেলা শাখার নায়েবে আমীর সুলতান আলীকে শনিবার সকালে শহরের জামিলনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় । পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গোপন বৈঠক করার উদ্দেশ্যে জামিলনগর এলাকায় যাচ্ছিলেন।
তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় শীতবস্ত্র সংগ্রহের জন্য তারা শহরের জামিলনগরে যাচ্ছিলেন। এছাড়াও বিশেষ অভিযানে গ্রেফতারকৃত বাকি ৬০ জনের মধ্যে মাদক বিক্রেতা, বিভিন্ন মামলার পলাতক গ্রেফতারি পরোয়ানার আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে সদর থানা পুলিশ তিন জামায়াত নেতাসহ মোট ২৪ জনকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার তিন জামায়াত নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা সকালে জামিলনগর এলাকায় একত্রিত হবার ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। ধারনা করা হচ্ছে সরকার বিরোধী কোন গোপন বৈঠকে অংশ নেয়ার উদ্দেশ্যে তারা ওই এলাকায় যাচ্ছিলেন।
