খেলায় ফিরলেন আজমল

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৮:২৫

 

 

আগামী বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষিদ্ধ করার তিন মাস পর শুক্রবার খেলায় ফিরেছেন পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল। নিজের বোলিং অ্যাকশন পরিবর্তন করার পর লাহোরে কেনিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে পাকিস্তান এ দলের বিপক্ষে এ দিন মাঠে নেমে ছয় ওভার বোলিং করে এক উইকেট শিকার করেন আজমল।


সাংবাদিকদের আজমল বলেন, ‘প্রায় তিন মাস পর আমি একটি যথার্থ ম্যাচ খেললাম। তবে শুধরানো বোলিং অ্যাকশনে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি।’ তিনি আরো বলেন, ‘আমি নিজেকে আগের অবস্থানে রাখিনি এবং আমার সব ধরনের ডেলিভারীতেই বোলিং করেছি এবং বিশ্বকাপের আগেই আমার বোলিং অ্যাকশনের ছাড়পত্র পাব বলে আশা করছি। কেননা এ ইভেন্টে অংশ নেয়ার জন্য মরিয়া আমি।’


আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হওয়া বিশ্বকাপের আগে আইসিসি কর্তৃক আজমলের বোলিং অ্যাকশনের ছাড়পত্রের বিষয়ে নিশ্চিত নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিষিদ্ধ হওয়ার আগে নিজের ৩৫ টেস্ট ও ১১১ ওয়ানডে ম্যাচে দুসরা দিয়ে কার্যকর ভুমিকা রাখতে পারা এ অফ স্পিনার কেনিয়ার বিপক্ষে অফ ব্রেক বোলিং করেন।
 

আজমলের অগ্রগতি পর্যবেক্ষণে গঠিত পিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য ইকবাল কাশিম বলেন, ‘পরিবর্তিত অ্যাকশনের সে কতটা কার্যকর সেটাই তারা দেখতে চেয়েছিলেন।’ একটি বার্তা সংস্থাকে তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আইসিসিতে বোলিং এ্যাকশন পরীক্ষা করতে পাঠানোর জন্য প্রস্তুত করার লক্ষ্যেই তাকে দলে নির্বাচন করা হয়েছে।’