৪১তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ২১:৪২
 
বেকারদের উদ্যোক্তায় পরিণত করার উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক ভবনে শনিবার ৪১তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়েছে।
বরাবরের মতো শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এই ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন।
এবারের ডিজাইন ল্যাবে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৩০ জন অংশগ্রহণকারী ও পর্যবেক্ষক অংশ নেন।
শুরুতে ড. ইউনূস ডিজাইন ল্যাবে উত্থাপিত বিভিন্ন প্রজেক্টের বর্তমান অবস্থা তুলে ধরেন। তিনি জানান, এখন পর্যন্ত ৪০টি ল্যাবে ৪৯৬টি প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ৪৭১টি প্রজেক্ট অর্থায়নের জন্য অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্টের কাজ শুরু হয়েছে। এবারের ল্যাবে নবীন উদ্যোক্তারা নতুন ছয়টি প্রজেক্ট উপস্থাপন করা হয়। এর তিনটি প্রজেক্টই তরুণ নারীদের। ছয়টি প্রজেক্টই অর্থায়নের জন্য অনুমোদন করা হয়েছে। পরবর্তী সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব আগামী বছরের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এদিকে, সামাজিক ব্যবসা চালুর জন্য এসডিআরএস সোলার প্রজেক্ট ও রেড অর্ম ভার্মি কম্পোস্ট প্রজেটের সঙ্গে দুটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসাও নবীন উদ্যোক্তাদের নয়টি প্রজেক্টের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে।